সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
বুধবার (১৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে। তবে হবিগঞ্জের এই সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগীও অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮২ জন সন্দেহভাজন এবং ১০ জন পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং সন্দেহভাজন হামে নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
সিলেট থেকে আরো পড়ুন