ছবি: সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে ২০০৭ সালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে। জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সুমেল খা বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামের তোইমুজ খার ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন, ৬ নভেম্বর, ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
রায়ে আরও বলা হয়েছে, জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
সিলেট থেকে আরো পড়ুন