সিলেট

হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:১৯

হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭

হবিগঞ্জের লাখাই উপজেলার লোকালয়ে শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন|

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর হঠাৎ একটি শেয়াল লোকালয়ে ঢুকে বিভিন্ন মানুষকে কামড়াতে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেয়ালটির আক্রমণে সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার ৮ নারী, ১৮ পুরুষ ও এক কিশোর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত মোট ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হঠাৎ শেয়ালের আক্রমণে তিনটি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে শেয়ালের এমন আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।.

সিলেট থেকে আরো পড়ুন