সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮

সিলেট বিভাগে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫৬ জন হামে আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামের কোনো রোগী শনাক্ত হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অপরজনের বয়স ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ নিয়মিত আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করলেও হাসপাতালগুলোতে রোগীর চাপ কমছে না। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় তাদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে চাপ ক্রমেই বাড়ছে।

সিলেট থেকে আরো পড়ুন