সিলেট

মৌলভীবাজারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

মৌলভীবাজারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে কিংমত হোটেলের মালিক মাহফুজ আহমেদকে ২ হাজার টাকা, মেসার্স আজহার ট্রেডিংয়ের মালিক আব্দুস সালামকে ৩০ হাজার টাকা এবং তিন বোন রেস্টুরেন্টের মালিক জহুর মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, ভোক্তার জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম পণ্য সরবরাহ এবং আইন অনুযায়ী মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ।

এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেও তাদের কার্যক্রম চলমান থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন