সিলেট

সিলেটে নতুন ৯ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৭৭

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬

সিলেটে নতুন ৯ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৭৭

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১৭৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে বর্তমানে দুজন রুবেলা রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৭৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছেন।

জেলা ভিত্তিক স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে—৬৩ জনের। এছাড়া সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, হাম উপসর্গ ও নিশ্চিত হাম—দুই ধরনের মৃত্যুর হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন