সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পদ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই তিন প্রবাসী নেতার পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রের অনুমতি ছাড়া তাদের উপদেষ্টা মনোনীত করার অভিযোগে সাংগঠনিক বিধি অনুসরণ না করার বিষয়টি সামনে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া তিন উপদেষ্টা হলেন—যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুর হারুন এবং যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হুমায়ূন মিলাদ।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রের অনুমতি ছাড়া ওই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা পদ দেওয়ায় দেশে ও বিদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সমালোচনা করেন।
বুধবার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এর পরদিনই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাদের পদ স্থগিত করা হয়েছে।”
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় অনুমোদন ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের পদায়ন করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা-সমালোচনা শুরু হলে পদগুলো স্থগিত করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন