সিলেট

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, অর্থ গণনা শুরু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, অর্থ গণনা শুরু

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের বাক্সের অর্থ গণনা শুরু হয়েছে। 

 

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর)  সকাল ৯টা থেকে মাজার প্রাঙ্গণে এ গণনা শুরু হয়। চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো দানবাক্স খোলা হলো।

মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে জমা হওয়া অর্থের হিসাব স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সংরক্ষণের লক্ষ্যে নির্দিষ্ট সময় পরপর এসব বাক্স খোলা হয়। এবারও দানবাক্স খোলার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৫ আগস্ট দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়। সেদিন গণনা করে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার সামগ্রীও পাওয়া যায়।

এর আগে গত ১১ জুলাই দানবাক্সের অর্থ গণনা করে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সেবারও বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

এ ছাড়া গত ২২ জুন দানবাক্স খোলা হলে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

গত তিন দফায় দানবাক্স ও মানতের বাক্স থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। এর বাইরে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া গেছে।

মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘দানবাক্সের অর্থ গণনার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গণনা শেষে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব করা হবে।’

তিনি জানান, মাজারের তহবিলে জমা হওয়া অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। দানবাক্স থেকে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব যথাযথভাবে সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী আসেন। তাঁদের অনেকে দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী দান করেন। নির্দিষ্ট সময় পরপর এসব দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়।

সিলেট থেকে আরো পড়ুন