ছবি: সংগৃহীত
সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নাম শুভ তালুকদার। তার বয়স মাত্র ৭ মাস। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯৩ জন ভর্তি হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন ভর্তি হয়েছে। বিভাগের অন্যান্য হাসপাতালেও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছে।
নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে চিকিৎসাসেবার চাপ। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন চিকিৎসাধীন রয়েছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩৯ জন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
মৃত্যুর দিক থেকেও সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হামে ১৯ জন ও নিশ্চিত হামে ৪ জন, মৌলভীবাজারে যথাক্রমে ১৩ ও ১ জন এবং সুনামগঞ্জে ৬০ ও ১ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে চলতি বছরে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন।
সিলেট থেকে আরো পড়ুন