সিলেট

রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটের সড়কে মানুষের ভিড়

নতুন সিলেট প্রতিবেদক

নতুন সিলেট প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৮

রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটের সড়কে মানুষের ভিড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর ঘিরে নগরের বিভিন্ন সড়কের পাশে মানুষের ভিড় দেখা গেছে। রাষ্ট্রপতির গাড়িবহর একনজর দেখতে সকাল থেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে অবস্থান নেন নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ কাজের ফাঁকে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে নগরের বিভিন্ন সড়কের পাশে মানুষের উপস্থিতি দেখা যায়।

গাড়িবহর আসার নির্ধারিত সময়ের আগেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে অবস্থান নেন অনেকে। কেউ ফুটপাতে, কেউ সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন। গাড়িবহর কাছাকাছি আসতেই অনেকেই মোবাইল ফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করেন। বিশেষ করে তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সার্কিট হাউস থেকে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সড়কের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির গাড়িবহরের অপেক্ষায় থাকা মনসুর আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার সুযোগ সব সময় আসে না। তাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তিনি সিলেটে এসেছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। সিলেটের মানুষের দীর্ঘদিনের নানা সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তিনি দেখবেন এবং গুরুত্ব দেবেন—এটাই আমাদের আশা।’

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সিলেট সফরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম শেষে বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। রাতে তাঁর বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন