সিলেট

সিলেটে রাষ্ট্রপতির আগমন ঘিরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫

সিলেটে রাষ্ট্রপতির আগমন ঘিরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে পুলিশ ২০৫ পিস ইয়াবা, ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি এবং ৪৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম উদ্ধার করেছে।

এদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এসএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ সিলেট গড়তে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন