সিলেট

সিলেটে রাষ্ট্রপতির সফরে সিকৃবির আন্দোলন স্থগিত

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫

সিলেটে রাষ্ট্রপতির সফরে সিকৃবির আন্দোলন স্থগিত

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আসন্ন সিলেট সফর উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শন করে রোববার থেকে আগামি মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আন্দোলনে নামেন সিকৃবির জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। আন্দোলনের ধারাবাহিকতায় ইতোমধ্যে একাধিক শিক্ষক ও কর্মকর্তা নিজ নিজ প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে এই বিরতি দেওয়া হয়েছে। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের মূল দাবি বহাল থাকবে। আগামী বুধবার থেকে পুনরায় নতুন উদ্যমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলে আন্দোলনকারী সংগঠনগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন