সিলেটে দিন দিন অবনতি হচ্ছে হাম পরিস্থিতির। বাড়ছে আক্রান্ত ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও এ সময়ে হাম ও হাম সন্দেহে আরও ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
নতুন করে ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪১৮ জন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ১ হাজার ৪৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
জেলা ভিত্তিক হিসাবে, সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যু না হলেও চলতি বছরে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
ক্রমবর্ধমান আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
সিলেট থেকে আরো পড়ুন