সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, সিলেটের একটি অভিযানিক দল জানতে পারে, কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে র্যাবের দলটি সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে বসতঘরের পেছনের একটি গর্তের ভেতর থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মো. জহির মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন— মো. রজিম উদ্দিন (৩৯), পিতা মো. রিয়াজ উদ্দিন এবং মো. জহির মিয়া (২২), পিতা মো. শহিদ মিয়া। তারা উভয়েই কোম্পানীগঞ্জ থানার বনপুর (আদর্শ গ্রাম) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন