ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২) ও তার ছোট বোন মিমতাহ (১৭), মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। সংঘর্ষে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ১১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন