হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে চাকলাপুঞ্জি চা-বাগানের গেইটের সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৈরাইল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আইয়ুব মিয়া (৩৫) এবং একই এলাকার মৃত ডেপুটি মিয়ার ছেলে কামাল মিয়া (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২টি পোটলায় নীল রঙের পলিথিনের ওপর খাকি কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ তথ্যট নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের এবং জব্দকৃত গাঁজা হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন