প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৯:১৯
ছবি: সংগৃহীত
স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ দিন দিন বাড়ছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবহারকারীদের সুরক্ষা বাড়াতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে গুগল। নতুন সংস্করণে ব্যবহারকারীর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিছু সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
সাধারণত স্মার্টফোনের গোপনীয়তা রক্ষায় বিভিন্ন অ্যাপের অনুমতি, অ্যাকাউন্ট সেটিংস, লোকেশন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা অপশন ব্যবহারকারীকে নিজেকেই পরিচালনা করতে হয়। তবে অ্যান্ড্রয়েড ১৭-তে এই ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে ঝুঁকি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার ডিফল্টভাবেই সক্রিয় থাকবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত স্পষ্ট ঝুঁকির ক্ষেত্রে ডিফল্টভাবেই ব্যবহারকারীকে সুরক্ষিত রাখা এবং কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় ব্যবহারকারীর অনুমতি চাওয়া।
ওটিপিতে বাড়তি সুরক্ষা
অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষায়। নতুন ব্যবস্থায় ওয়েবওটিপি বার্তাও বাড়তি সুরক্ষার আওতায় এসেছে।
কোনো অ্যাপ ব্যবহারকারীর বার্তা পড়ার অনুমতি পেলেও বার্তায় থাকা নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে অ্যাপটির সম্পর্ক না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অ্যাপ প্রোগ্রামেটিকভাবে ওটিপি সংগ্রহ করতে পারবে না। ফলে অন্য কোনো অ্যাপ গোপনে ভেরিফিকেশন কোড পড়ে নেওয়ার ঝুঁকি কমবে।
চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে নিরাপত্তা
ফোন চুরি বা ছিনতাইয়ের পর নিরাপত্তা নিশ্চিত করতেও অ্যান্ড্রয়েড ১৭-তে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সংস্করণে ‘থেফট ডিটেকশন লক’ ও ‘রিমোট লক’-এর মতো নিরাপত্তা ব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকবে।
এ ছাড়া পিন ও পাসওয়ার্ড ভুলভাবে দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর সীমা এবং দীর্ঘ বিরতির ব্যবস্থা রাখা হবে। এর ফলে চোরেরা বারবার পিন বা পাসওয়ার্ড দিয়ে ফোনের লক ভাঙার চেষ্টা করতে পারবে না।
ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে
অ্যান্ড্রয়েড ১৭-তে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করলেও ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে।
লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের মতো সংবেদনশীল অনুমতির ক্ষেত্রে ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ফিচারের মাধ্যমে পুরো অ্যাড্রেস বুক কোনো অ্যাপের কাছে তুলে না দিয়ে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্টের তথ্য বেছে দেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া নতুন লোকেশন বাটনের মাধ্যমে ব্যবহারকারী বর্তমান সেশনের জন্য নির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস দেওয়ার সুযোগ পাবেন। ফলে অ্যাপকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দেওয়ার ঝুঁকি কমবে।
নতুন এসব ব্যবস্থার মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭-তে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা আরও স্বয়ংক্রিয় এবং কার্যকর করার চেষ্টা করা হয়েছে।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন