সিলেট

সুনামগঞ্জে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ ধরার জাল ধ্বংসের তাগিদ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ১৪:০৫

সুনামগঞ্জে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ ধরার জাল ধ্বংসের তাগিদ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ ও মৎস্যসম্পদ রক্ষায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে হাওরের মৎস্য অভয়াশ্রম সংরক্ষণে অবৈধভাবে মাছ ধরার সব ধরনের জাল ধ্বংসের তাগিদ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাওরের অনন্য জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে মৎস্য অভয়াশ্রমগুলো কার্যকরভাবে সংরক্ষণ করা জরুরি।

তারা আরও বলেন, অবৈধভাবে মাছ ধরার কারণে হাওরের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই অবৈধ মাছ ধরার জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জব্দ করা সব ধরনের অবৈধ জাল ধ্বংস করার কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবেশ ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি বাহলুল বখত এবং হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং এনজিও সংস্থা সিএনআরএসের সমন্বয়কারী সাইফুল চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এখন থেকেই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। হাওরের মৎস্য অভয়াশ্রমগুলো সংরক্ষণ করা গেলে এর মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশও টেকসই রাখা সম্ভব হবে।

সিলেট থেকে আরো পড়ুন