সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারযোগ্য ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় ও বিদেশি পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৪২০ কেজি ভারতীয় আম, ৫২ কেজি ভারতীয় কিউই ফল এবং ১৮১ বোতল বিদেশি মদ।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন সড়কে পৃথক অভিযান পরিচালনা করে মোট ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন