প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ২৪ থেকে ২৬ আগস্ট সিলেট ও সুনামগঞ্জ সফর করবেন। তিন দিনের এ সফরে তিনি কাতারে নিহত প্রবাসী কর্মীদের পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন এবং নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রীর একান্ত সচিব জিন কুমার সিংহের পাঠানো সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন তিনি।
এরপর দুপুর ১২টায় নগরের নাইওরপুল এলাকায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর।
পরে দুপুর দেড়টায় সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, একই দিন বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এ কর্মসূচির স্থান সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নির্ধারণ করা হবে।
তিন দিনের সফর শেষে বুধবার (২৬ আগস্ট) বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে আরিফুল হক চৌধুরীর।
সফরসূচিতে আরও বলা হয়েছে, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সমন্বয় ও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন