প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১৯:১০
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে তাকে বহিষ্কারও করা হবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকতুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে নিজ নিজ ইউনিয়ন থেকে প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করতে পারেন। যদি কেউ দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে। সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় প্রতিবেদনের মাধ্যমে সমন্বয় করে যোগ্য বিবেচনা করে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।’
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা এস এম জামান মতিনসহ প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন