সিলেট

সিলেটে হামে উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৪৩

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১১:২৪

সিলেটে হামে উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৪৩

সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।

রোববার (২৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জনসহ বিভাগের অন্যান্য হাসপাতালে আরও রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে সিলেট জেলায় ৫৫ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ৮ মাস। তার নাম মুনতাহা এবং বাবার নাম মনসু আলী। শিশুটির বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। সে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

২৩ আগস্টের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন। আর নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

সিলেট থেকে আরো পড়ুন