প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টাব্যাপী পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশের হাতে ১৭ পিস ইয়াবা, ১৬৮ বোতল ভারতীয় ‘রেড বুল’ এনার্জি ড্রিংক এবং ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কসমেটিকসের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫০ টাকা।
অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন