সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে এ মেধাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহসভাপতি আলী ফারহান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে মেধা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বারোপ করেন। তিনি পুসাগের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের অলিম্পিয়াড গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এ যুগে দক্ষ নাগরিক গড়ে তুলতে গণিত চর্চার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে রুবেল আহমদ (রাহী) অলিম্পিয়াড সফল করতে উপদেষ্টা, সহযোগী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও গোয়াইনঘাটের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা অন্বেষণে পুসাগের পক্ষ থেকে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পুসাগের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন