‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, দুর্নীতি শুধু একটি সামাজিক ব্যাধি নয়, এটি দেশের উন্নয়নের অন্যতম বড় অন্তরায়। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়; এজন্য তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন জরুরি।
তিনি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়ে বলেন, অভাব মানুষকে সাময়িক সংকটে ফেলতে পারে, কিন্তু সীমাহীন লোভই মানুষকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দেয়। বিতার্কিকদের যুক্তি ও উপস্থাপনা প্রমাণ করেছে, লোভ বর্জনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। যুক্তি, তথ্য ও বাকপটুতায় প্রতিযোগীরা ‘অভাব নয়, বরং সীমাহীন লোভই দুর্নীতির মূল উৎস’—বিষয়টি তুলে ধরেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মনসুর মহসিন ডৌবাড়ি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন