সিলেটের ওসমানীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৪আগস্ট) দিনগত রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, অভিযানকালে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত ও হেফাজতে রাখা ৬৮ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ৮০০ টাকা বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নিজ কুরুয়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মৃত মজর আলীর ছেলে মো. মফিলছ আলী (৫২), তাঁর স্ত্রী লাকি বেগম (৪০) এবং একই এলাকার মৃত লেরু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)।
এ ঘটনায় ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ সদস্য মো. আব্দুল কাদের বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ আগস্ট ২০২৬ তারিখে ওসমানীনগর থানায় দায়ের করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন