হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান নেয় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। পরে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পাঁচটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করলে বস্তাগুলো তল্লাশি করা হয়।
এ সময় পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে রাখা এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের পরমেশ্বর তাঁতী (৪০), অরুণ তন্ত্রবায় (৫০) এবং রাম তন্ত্রবায় (৪৫)।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক তিনজন ও উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সিলেট থেকে আরো পড়ুন