সিলেট

সিলেটে সিএনজি অটোরিকশার যাত্রীদের টাকা চুরি: সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৩:১৬

সিলেটে সিএনজি অটোরিকশার যাত্রীদের টাকা চুরি: সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেফতার

সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—জালালাবাদ থানার বাগারপাড় গ্রামের আনিস মিয়ার ছেলে আনছার আলী (২৮) এবং একই এলাকার ছালেক আহমদের ছেলে মো. নুরুল হক ওরফে হক (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার( ৭ আগস্ট রাত) আনুমানিক ১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় পয়েন্ট এলাকায় অভিযান চালান। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত আসামি আনছার আলীকে গ্রেফতার করা হয়।

তার হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজি. নং সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে একই এলাকার ছালেক আহমদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. নুরুল হক ওরফে হককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি অটোরিকশায় যাত্রার সময় এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরি করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মামলাটি এফআইআর নং-১০, তারিখ ৭ আগস্ট ২০২৬; মামলা নম্বরের ধারায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারা উল্লেখ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান,গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন