ছবি সংগৃহীত :
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ৬১ হাজার মানুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (৩ আগস্ট) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস।
এদিকে ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা বাড়ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিখোঁজ স্বজনদের খুঁজে বের করা এবং দুর্গত মানুষের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি।
হোর্হে রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের এখন পর্যন্ত ১৬ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে। তবে পুনরুদ্ধার কার্যক্রম কীভাবে এগোবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থের উৎস এখনও নিশ্চিত হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রয়েছে। মাদুরোর আমলে আরোপ করা যুক্তরাষ্ট্রের কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনও বহাল আছে।
এদিকে মানবাধিকার ও নীতিবিষয়ক বিভিন্ন সংস্থা বলছে, ভেনেজুয়েলায় আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন সহজ করতে অবশিষ্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা প্রয়োজন।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন