আন্তর্জাতিক

নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৩:১০

নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

ছবি সংগৃহীত :

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ও যাচাই করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে, নিহত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল (৪০)। তিনি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নন্দগ্রাম থানার আওতাধীন রাজ নগর এক্সটেনশনের অফিসার সিটি-২ সোসাইটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূএ মতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ডা. আগরওয়ালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ তথ্য দিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ বলে, প্রায় দেড় বছর আগে ডা. আগরওয়ালের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন। তার বাবা ডা. আর. চন্দ্র, যিনি গাজিয়াবাদের একজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ, মেয়ের চিকিৎসা-সংক্রান্ত তথ্য তদন্তকারীদের কাছে দিয়েছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে তথ্য দিয়েছে পুলিশ।

নন্দগ্রামের সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমদ বলেন, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেলেও বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন