প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ২০:১৫
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে সিলেট মহানগরেও সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সোমবার (৩ আগস্ট) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় এক সাংবাদিক সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলা, মতিঝিলে মেট্রো স্টেশনের জেনারেটর কক্ষে আইইডি স্থাপন এবং আশুলিয়ায় শক্তিশালী আইইডি উদ্ধারের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী সতর্কতা জারি করেছে। এ অবস্থায় সিলেট মহানগর পুলিশ কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, সে বিষয়ে জানতে চান তিনি।
জবাবে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে। পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে এ-সংক্রান্ত তথ্য নিয়মিত পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, “সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আমরা অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
পুলিশ কমিশনার আরও বলেন, “সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা তৎপরতা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, জনসচেতনতা ও জনগণের তথ্য সহায়তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।
সিলেট থেকে আরো পড়ুন