সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘটিত রুস্তুম আলী হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ) ও সিপিসি-২ (শ্রীমঙ্গল)-এর একটি যৌথ আভিযানিক দল শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামি সায়েক (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের নিবিজ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রুস্তুম আলীর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৬ জুলাই শান্তিগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক আসামি সায়েককে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন