সিলেট

সুনামগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্তানের খোঁজে বাবা-মায়ের আকুতি

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১৫:০১

সুনামগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ কিশোর, সন্তানের খোঁজে বাবা-মায়ের আকুতি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। নিখোঁজ সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সন্তানের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজ কিশোর মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে মারুফ নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার কোনো হদিস না পেয়ে একই দিন শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের সময় মারুফের পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিনসের প্যান্ট। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি।

সন্তানের সন্ধান চেয়ে মারুফের মা-বাবা বলেন, “আমার ছেলেটা কোথায়, কেমন আছে—শুধু একবার ফিরে আসুক। যে বা যারা আমাদের ছেলেকে দেখেছেন, দয়া করে খবর দিন। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।”

কোনো সহৃদয় ব্যক্তি মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা আছির আলমের মোবাইল নম্বর ০১৭৮০-৭৯৫০৭১ অথবা তার ভাইয়ের মোবাইল নম্বর ০১৪০৮-০৭৩৫১৬-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন