সিলেট

হবিগঞ্জে বাস-সিএনজির অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ১১:০৮

হবিগঞ্জে বাস-সিএনজির অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন।

উদ্ধারকারী দল আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত শাকিল মিয়াকে (২৮) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল মিয়া বাহুবল উপজেলার বাহুবল গ্রামের মৃত আলফি মিয়ার ছেলে। তিনি বাহুবল বাজারে ফলের ব্যবসা করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনায় আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ‘সিলেটে নেওয়ার পর শাকিল মিয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন