সিলেট

মৌলভীবাজারে ১৭ জুন প্রধানমন্ত্রীর আগমন, ব্যাপক প্রস্তুতিতে প্রশাসন ও নেতাকর্মীরা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৫ জুন ২০২৬ ১২:৩৭

মৌলভীবাজারে ১৭ জুন প্রধানমন্ত্রীর আগমন, ব্যাপক প্রস্তুতিতে প্রশাসন ও নেতাকর্মীরা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুন চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা ও উদ্বোধনী অনুষ্ঠান শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন চলাচল ও জনসমাগম ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

সফরকে সামনে রেখে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অগ্রবর্তী টিম, বিশেষ গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খল করতে নিরলসভাবে কাজ করছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি নিয়মিত সভা-সমাবেশ, মাঠ পরিদর্শন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। শহরের সৌন্দর্যবর্ধন, অনুষ্ঠানস্থলের উন্নয়ন, অতিথি অভ্যর্থনা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সফরকে ঘিরে বিভিন্ন উপকমিটিও গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর শুধু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার উন্নয়ন কর্মকা-ে নতুন মাত্রা যোগ করবে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। ফলে ১৭ জুনের এই সফরকে ঘিরে পুরো শ্রীমঙ্গল এখন প্রস্তুতি ও প্রত্যাশার এক অনন্য আবহে মুখরিত।
 
সাধারণ মানুষ থেকে শুরু করে চায়ের রাজ্যখ্যাত ও পর্যটন নগরী শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের আমেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান প্রধানমন্ত্রীর এই আগমন শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ পুরো মৌলভীবাজার জেলার মানুষের মনে নতুন আশা ও প্রত্যাশার সঞ্চার করেছে। উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে তাঁর এই সফর জেলার জন্য এক ইতিবাচক বার্তা বয়ে আনবে বলেই মনে করছেন স্থানীয়রা।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই শ্রীমঙ্গল সফরে আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য ও গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রীর এই আগমন শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাঁর সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
 

সিলেট থেকে আরো পড়ুন