ছবি: সংগৃহীত
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী উজ্জল মিয়ার বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে সদর উপজেলার আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার সঙ্গে প্রায় দুই বছর আগে রুবিনার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে বাবার কাছেই রয়েছে।
অভিযোগ রয়েছে, তালাকের পরও রুবিনাকে বিভিন্ন সময় অনুসরণ ও উত্যক্ত করতেন উজ্জল। কর্মস্থল এবং যাতায়াতের পথেও তাকে বিরক্ত করা হতো।
বৃহস্পতিবার রাতে কোম্পানির কাজ শেষে বাড়ি ফেরার পথে বহুলা এলাকায় নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ। এতে রুবিনা গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত উজ্জল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন