ছবি: সংগৃহীত
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সমালোচনার মুখে পড়া সিলেট মহানগর পুলিশ (এসএমপি) একদিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে জারি করা গণবিজ্ঞপ্তি (সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এসব পোর্টালের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিবন্ধনবিহীন কিছু অনলাইন পোর্টাল ‘ভুল, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালগুলো অপসারণ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরই সাংবাদিক মহলসহ বিভিন্ন পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত একদিনের ব্যবধানে সিদ্ধান্ত বদলে আগের নির্দেশনা প্রত্যাহার করে নেয় এসএমপি।
সিলেট থেকে আরো পড়ুন