প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৭:০১
প্রতিকী ছবি
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের আড়ালে পাঠানো এপিকে ফাইল ডাউনলোড করে ১০ লাখ টাকা হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় সাইবার প্রতারণার অভিযোগে দেবেন্দ্র মালিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গুজরাটের সুরাট পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবকের হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের কথা বলে একটি এপিকে ফাইল পাঠানো হয়। নিমন্ত্রণপত্র মনে করে ফাইলটি ডাউনলোড করার পরপরই তার ব্যাংক হিসাব থেকে ১০ লাখ টাকা সরিয়ে নেয় প্রতারক চক্র।
তদন্তে পুলিশ জানতে পারে, দেবেন্দ্র মালিক অর্থের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তার ব্যাংক হিসাবে জমা হতো। পরে মোট অর্থের ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় সাইবার অপরাধ দমন বিভাগ। প্রতারণার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তির পাঠানো কোনো লিংক বা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি ইমেইল ও এসএমএসে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন