শিক্ষা

স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন, যা বলছে নীতিমালা

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১২:৫৭

স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন, যা বলছে নীতিমালা

ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ততই একাধিক আবেদন নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। একটি জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে কেবল একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদন করা যাবে, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

অনেকের দাবি, এবার একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে বেসরকারি স্কুলে মাত্র একটি আবেদন করা যাবে। সেই আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিপত্রে এ ধরনের কোনো বিধিনিষেধের উল্লেখ পাওয়া যায়নি।

১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র অনুযায়ী, প্রথম শ্রেণিতে প্রতিটি আবেদনে পছন্দক্রম অনুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে।

নীতিমালায় বলা হয়েছে, দুই শিফটে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট নির্বাচন করা হলে তা দুটি পছন্দ হিসেবে বিবেচিত হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দের তালিকায় রাখা যাবে না।

অর্থাৎ, প্রতিটি আবেদনের ক্ষেত্রে পাঁচটি বিদ্যালয় পছন্দের সীমা নির্ধারণ করা হয়েছে। তবে একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা পাঁচটিতে সীমাবদ্ধ রাখার কোনো নির্দেশনা নেই। একইভাবে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতাও উল্লেখ করা হয়নি।

এদিকে আবেদনসংখ্যা সীমিত করা হলে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা আরও বাড়তে পারে। পাশাপাশি তুলনামূলক কম চাহিদাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কাও রয়েছে। এতে ভর্তি কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।

মাউশির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে অভিভাবকদের সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা থেকে আরো পড়ুন