সিলেট

সিলেটে যৌথ অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫০

সিলেটে যৌথ অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় অভিযান শুরু করে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল। পরে প্রযুক্তিগত সহায়তায় টার্গেটের সর্বশেষ অবস্থান জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের প্রায় ১২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন