সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শাহপরাণ থানার জাহানপুর মেজরটিলা এলাকার ইয়ামিন আহম্মেদ (২৪) এবং বহর পশ্চিম এলাকার আলবারাকা এলাকার রিফাত আহম্মেদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ থানার মামলা নম্বর ৩০ (তারিখ ২১ নভেম্বর ২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ এলাকায় (বিকেএসপি-সংলগ্ন) বহর মৌজায় কবির আহমদের বাড়ির সামনে পাকা সড়কে ৬০ থেকে ৭০ জনের একটি দল জড়ো হয়। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী ও তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরো নিয়ে সেখানে নাশকতা সৃষ্টির চেষ্টা করেন।
এ সময় তাঁরা বাঁশের লাঠি ও কাঠের বাটাম হাতে নিয়ে সুরমা বাইপাস হয়ে মুরাদপুর পয়েন্টের দিকে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। পাশাপাশি সড়ক অবরোধ ও চলাচলরত যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ওই মামলার তদন্ত ও আসামিদের শনাক্তকরণের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়ামিন আহম্মেদ ও রিফাত আহম্মেদকে গ্রেফতার করে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ।
গ্রেফতার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন