রাজনীতি

বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, নিহত ২

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১১:৪৯

বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, নিহত ২

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। মোটরশোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা বহরে থাকা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুরের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সোহেল ও শাহিনুরের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। তবে খুলনায় নেওয়ার পথেই সোহেলের মৃত্যু হয়।

কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে।

অন্যদিকে স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে পরবর্তী সময়ে গুরুতর আহত শাহিনুরেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শাহিনুরের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন এ হামলায় জড়িত থাকতে পারেন।

এদিকে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজনীতি থেকে আরো পড়ুন