ছবি: সংগৃহীত
পরকালে দোজখের শাস্তি থেকে মুক্তি পাওয়া প্রত্যেক মুমিনের অন্যতম আকাঙ্ক্ষা। এ মুক্তির পথ কী, তা জানতে একবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে জানতে চেয়েছিলেন সাহাবি আবু জর গিফারি (রা.)। জবাবে নবীজি এমন ছয়টি কাজের কথা বলেন, যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এসব কাজের মধ্যে রয়েছে খাঁটি ইমান, দান-সদকা, সৎকাজের উপদেশ দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
হাদিসে বর্ণিত ওই কথোপকথনে দেখা যায়, আবু জর (রা.) একের পর এক প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, আর্থিক ও শারীরিক সামর্থ্য কম থাকলেও কীভাবে একজন মানুষ দোজখের আগুন থেকে মুক্তি পেতে পারে। মহানবী (সা.) তাঁর প্রতিটি প্রশ্নের উত্তরে সহজ কিছু পথের কথা তুলে ধরেন।
১. আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস রাখা
দোজখের আগুন থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান রাখা। তবে শুধু মুখে বিশ্বাসের কথা বলাই যথেষ্ট নয়। প্রকৃত ইমান মানুষের চিন্তা, কথা ও কাজের মধ্যেও প্রতিফলিত হতে হয়।
রাসুলুল্লাহ (সা.) ইমানের বহু শাখার কথা উল্লেখ করেছেন। এর সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই—এই সাক্ষ্য দেওয়া। আর সর্বনিম্ন শাখা হলো চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। (সহিহ মুসলিম, হাদিস: ৩৫)
অর্থাৎ প্রকৃত ইমান মানুষকে আল্লাহর আনুগত্যের পাশাপাশি অন্যের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।
২. সামর্থ্য অনুযায়ী দান করা
ইমানের পর গুরুত্বপূর্ণ আমল হলো নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা। দান করার জন্য বিপুল অর্থের মালিক হওয়া জরুরি নয়। সামর্থ্য অনুযায়ী সামান্য দানও আল্লাহর কাছে মূল্যবান।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না; আর তা যদি একটি পুণ্যকাজ হয়, তবে তিনি তা বহুগুণে বাড়িয়ে দেন।’ (সুরা নিসা, আয়াত: ৪০)
তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া কিংবা প্রয়োজনীয় কাউকে আর্থিক সহায়তা করাও গুরুত্বপূর্ণ নেক আমল।
৩. মানুষকে ভালো কাজের আহ্বান জানানো
কারও আর্থিক সামর্থ্য না থাকলেও ভালো কথা ও উপদেশের মাধ্যমে অন্যের উপকার করার সুযোগ রয়েছে। মানুষকে সৎকাজে উৎসাহিত করা এবং অন্যায় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
পরিবার, প্রতিবেশী ও সমাজের মানুষের মধ্যে ভালো কাজের চর্চা ছড়িয়ে দিতে পারলে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা সহজ হয়। এভাবে একজন মানুষ নিজের কথা ও আচরণের মাধ্যমে অন্যের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।
৪. অসহায় ও অক্ষম মানুষকে সাহায্য করা
যারা শারীরিক দুর্বলতা, অদক্ষতা কিংবা অন্য কোনো কারণে নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন না, তাঁদের পাশে দাঁড়ানোও দোজখের আগুন থেকে মুক্তির অন্যতম পথ।
মহানবী (সা.) এমন মানুষকে সাহায্য করার কথা বলেছেন, যিনি নিজের কাজ নিজে গুছিয়ে নিতে পারেন না।
যেমন—বয়স্ক প্রতিবেশীর বাজার করে দেওয়া, চলাচলে অক্ষম ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা কিংবা বিপদে পড়া কাউকে তাঁর প্রয়োজনীয় কাজে সহযোগিতা করা। এসব ছোট উদ্যোগও মানুষের জন্য বড় উপকার বয়ে আনতে পারে।
৫. নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো
অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাকে নির্যাতন থেকে রক্ষার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ নেক আমল।
কেউ যখন জুলুমের শিকার হয়ে অসহায় হয়ে পড়েন, তখন তাঁর পক্ষে কথা বলা, প্রয়োজনীয় সহযোগিতা করা কিংবা অত্যাচারীর হাত থেকে তাঁকে রক্ষার চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব।
ইসলামে মানুষের অধিকার রক্ষা ও অন্যায়ের প্রতিবাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী নির্যাতিত ব্যক্তিকে সহযোগিতা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
৬. অন্তত অন্যের ক্ষতি না করা
কোনো মানুষ যদি আর্থিকভাবে দান করতে না পারেন কিংবা শারীরিকভাবে অন্যকে সাহায্য করার সামর্থ্য না থাকে, তবুও তাঁর সামনে নেক আমলের সুযোগ রয়েছে। সেটি হলো নিজের কথা ও কাজের মাধ্যমে অন্যের ক্ষতি না করা।
মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী, একজন মানুষ অন্তত এমন জীবনযাপন করবেন, যাতে অন্যরা তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম তো সে-ই, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ১০)
অর্থাৎ কাউকে গালি না দেওয়া, অপমান না করা, অন্যের অধিকার নষ্ট না করা এবং শারীরিকভাবে কাউকে আঘাত না করাও গুরুত্বপূর্ণ ইবাদত।
এসব আমল কি জান্নাতে যাওয়ার পথ খুলে দেয়?
আবু জর (রা.) মহানবী (সা.)-এর কাছে জানতে চেয়েছিলেন, কেউ যদি এসব কাজের কোনো একটি করতে পারে, তবে কি সে জান্নাতে প্রবেশ করবে?
জবাবে নবীজি (সা.) আশাব্যঞ্জক কথা বলেন। বর্ণনা অনুযায়ী, কোনো মুমিন এসব গুণের যেকোনো একটি অর্জন করতে পারলে সেই আমল তাকে জান্নাতে পৌঁছানোর পথে সহায়তা করবে। (বায়হাকি, শুআবুল ইমান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২০৫)
ধর্ম থেকে আরো পড়ুন