বাংলাদেশ

হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪১

হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন, সাতটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

এ ছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা ছয়টি মামলার রায় হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিটি মামলার জন্য পৃথক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

কমিশন নিয়মিত এসব মামলার অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে।
দুদক সচিব জানান, এসব মামলার তদন্তে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া গুলশানের বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪ শতাংশ জমি রয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৫২০ টাকা।

অস্থাবর সম্পদের বিষয়ে তিনি বলেন, ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও রিজওয়ান সিদ্দিক টিউলির নামে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।

রেড নোটিশ জারির বিষয়ে দুদক সচিব বলেন, কোনো আসামি দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের প্রচলিত আইনে সরাসরি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে রেড নোটিশের উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও বলেন, সম্পদ জব্দ বা অবরুদ্ধ করার পাশাপাশি বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারেও কাজ করছে দুদক। এ জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদক সচিব বলেন, ‘আমরা শুধু মামলার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছি না, বরং তথ্য-প্রমাণ সংগ্রহে বেশি জোর দিচ্ছি। মামলার তদন্তের মান বজায় রেখে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।’

তিনি জানান, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আদালতে অভিযোগ প্রমাণের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন