ছবি: সংগৃহীত
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। প্লাস্টিকের নৌকায় করে যাত্রাকালে নৌযানে ছিদ্র হয়ে দুর্ঘটনার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমান কয়েকজন যুবক। গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তারা। ওই নৌযানে মোট সাতজন ছিলেন বলে জানা গেছে। তবে তাদের মধ্যে একজন জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছালেও বাকি ছয়জনের এখনো কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজদের মধ্যে রয়েছেন পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া। এ ছাড়া লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়ার নামও এ ঘটনায় এসেছে।
এদিকে, একই নৌযানে থাকা পুরাইকলা গ্রামের মাসুম মিয়া জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। ভূমধ্যসাগরের মাঝপথে হঠাৎ প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে যাত্রীরা একে একে পানিতে পড়ে যান।
মাসুমের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। পরে প্রায় তিন ঘণ্টা হেঁটে একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাকে সহযোগিতা করেন। এরপর তিনি গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।
মাসুমের কাছ থেকে দুর্ঘটনার ভয়াবহ বিবরণ জানার পর নিখোঁজ ছয় যুবকের পরিবারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখনো জীবিত আছেন, নাকি সাগরে ডুবে মারা গেছেন—এমন দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।
নিখোঁজদের পরিবারের দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে দালালকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে অভিযুক্ত হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ ছয় যুবকের সন্ধান পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা।
সিলেট থেকে আরো পড়ুন