প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৩:০৫
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক লিবিয়া হয়ে সাগর পথে গ্রিসে যাওয়ার পথে এক মাস ধরে নিখোঁজ রয়েছে। ফলে নিখোঁজ হওয়া দুই যুবকের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় সময় পার করছেন।
নিখোঁজ দুই যুবক হলেন, উপজেলার কবিরপুর গ্রামের হতদরিদ্র পরিবারের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) ও কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫)।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০)। পরিবারে স্বচ্ছলতা আনতে লিবিয়া হয়ে সাগর পথে গ্রিসে পাঠানোর দালাল জসিমের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তি করে ৭ লাখ টাকা অগ্রীম দিয়ে অক্টোবর মাসে বাড়ি থেকে রওয়ানা দেন তিনি। দালাল জসিমের কথামতো ১১ অক্টোবর লিবিয়া হয়ে সাগর পথে গ্রিসের পথে রওয়ানা হয় অপু। কথা ছিল গ্রিসে পৌঁছে ফোন দেয়ার পর আরও ৫ লাখ টাকা দেবে। কিন্তু এক মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান মিলছে না।
নিখোঁজ অপু মিয়ার ভাই সানুর মিয়া বলেন, আমরা চরম হতাশায় দিন পার করছি। দালালরা ফোন ধরে না। আর ফোন ধরলে মিথ্যা প্রতিশ্রশ্রুতি দিচ্ছে। আমার ভাই এখন কীভাবে আছে, কেমন আছে এই চিন্তায় পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে, উপজেলার পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫) একইভাবে লিবিয়া হয়ে সাগর পথে গ্রিসের পথে রওয়ানা হন। গত ১১ অক্টোবর থেকে লিটন মিয়া (৪০) নিখোঁজ রয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন