স্বাস্থ্য

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্য ডেস্ক:

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ১৮:২০

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে। এরই অংশ হিসেবে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে; যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।

তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।

এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়। এ বিষয়ে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাতের সংস্কারে পাঁচটি অগ্রাধিকার চিহ্নিত করেছে সরকার।

এর মধ্যে রয়েছে– রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় একটি টেকসই পরিবেশ তৈরি করা।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন