জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে।
তবে তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, একই সঙ্গে জনগণও সজাগ আছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার গোয়াইনঘাট সীমান্ত এলাকায় সমাবেশ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ।
ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে।’
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সরকারি কৌঁসুলিদের (জিপি) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। এ সময় তিনি মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার জন্য সরকারি আইন কর্মকর্তাদের নির্দেশনা দেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাদক ও অনলাইন জুয়া এখন সমাজের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার ঠেকানো জরুরি। এসব অপরাধের মামলায় যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে সহজে জামিন পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়তে না পারে।
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, এর প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে।
অন্যদিকে, অনলাইন জুয়ার সবচেয়ে বড় শিকার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। দিনভর পরিশ্রম করে উপার্জিত অর্থের বড় অংশ জুয়ায় হারিয়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। এর মাশুল তাঁদের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পিপি, জিপি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি) ও সহকারী সরকারি কৌঁসুলিদের (এপিপি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থীদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাই তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো বিচারপ্রার্থী যেন আইনি সহায়তা পেতে হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা ও গণমাধ্যমকর্মীরা।
এর আগে মন্ত্রী সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।
সিলেট থেকে আরো পড়ুন