সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৩ জন রোগী।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে সন্দেহজনক হাম রোগের কথা উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ২১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন এবং সন্দেহজনক হাম রোগে ২০৮ জন মারা গেছেন।
জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে সিলেট। এ জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৫২ জন, সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৭০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। তাঁদের মধ্যে সিলেট জেলায় ১১৬ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ৫ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে সুনামগঞ্জে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৫৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৮১ জন ভর্তি আছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৬০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১৫ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।
হামের সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির এই পরিসংখ্যান সিলেট বিভাগে জনস্বাস্থ্য পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
সিলেট থেকে আরো পড়ুন