প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ১৪:২০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এনসিপি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় হবিগঞ্জ শহরের বদিউজ্জামাল খান সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট ফকরুউদ্দিন আহমেদ জাকিরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত তরফদার মিটু, যুগ্ম আহ্বায়ক সামির আহমেদ রহমত, আনোয়ার হোসেন, আমিনুল হক, আসমা আক্তার চৌধুরী, মুরাদ আহমেদ, সাজিজুর রহমান, আবদুল হাই কামাল, মো. ফেরদৌস, যুগ্ম সদস্যসচিব মীর দুলাল, মো. কামাল আহমেদ, জীবন আহমেদ লিটন, মো. সিরাজুল ইসলাম, মো. নুনু মিয়া, মোস্তফা কামাল, ইমরান হাসান ইমন, হাফেজ মাওলানা বজলুর রহমান, মো. এনামুল হকসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলাউর রাহমান বামসি, নবীগঞ্জ উপজেলা যুবশক্তির সদস্যসচিব রুহাম গাজী, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক নুরে আলম চৌধুরী ও সদস্যসচিব হাকিমুল ইসলাম তারেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেন।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নাশকতামূলক ঘটনার মধ্যে তাঁর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটিকে পরিকল্পিত বলে মনে করছেন তারা।
বক্তারা আরও বলেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না।’ এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আজ একজন, কাল আরেকজন এবং পরবর্তী সময়ে সবাই একে একে হামলার শিকার হতে পারেন। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন